সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিন দুপুর ১২টা থেকে একযোগে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, ফার্মগেট ও মহাখালী মোড়ে সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। কয়েকটি স্থানে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার জানান, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দুপুর ১২টা ১০ মিনিটে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এ সময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামী না আজাদী’, ‘আপস না সংগ্রাম’, ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’—এমন বিভিন্ন স্লোগান দেন।
দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, অবরোধের কারণে গাবতলী, মিরপুর ও টেকনিক্যাল মোড় এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এর ফলে নিউ মার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সব ধরনের যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ দিকে সহপাঠী সাকিব হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পরে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হত্যাকাণ্ডের এক মাস পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। অবরোধ চলাকালে তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ নানা স্লোগান দেন।
এ ছাড়া সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী মোড় অবরোধ করলেও পুলিশের সহায়তায় প্রায় ১৫ মিনিটের মধ্যে তা তুলে নেওয়া হয়। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আগের বৈঠকে জানুয়ারির শুরুতেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা কঠোর আন্দোলনে নেমেছেন।
thebgbd.com/NIT