ঢাকা | বঙ্গাব্দ

অপারেশন থিয়েটারে রান্নাকাণ্ড: দায় কি শুধু নার্সদেরই?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২৬
অপারেশন থিয়েটারে রান্নাকাণ্ড: দায় কি শুধু নার্সদেরই? ফাইল ছবি

২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাবান্না, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তদন্ত কমিটির সদস্য সচিব ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় এ তথ্য নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্তে অপারেশন থিয়েটারে রান্নাবান্না ও নানা অনিয়মের ঘটনায় অন্তত ১০ জন নার্সের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। সংবেদনশীল এই স্থানে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনায় কেবল নার্সদের দায়ী করা হলেও কোনো চিকিৎসক বা কর্মকর্তার গাফেলতি খুঁজে পাননি তদন্ত দল।


তবে জেলার সবচেয়ে বৃহৎ সরকারি এ হাসপাতালে সেবা নিতে আসা একাধিক প্রসূতির স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে রয়েছেন ডা. তাহিরা খাতুন রোজী, ডা. নিলুফা সুলতানা ও ডা. তাহমিনা আক্তারসহ একাধিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে প্রসূতি ওয়ার্ডে এসব অনিয়মের বিষয়ে কর্মরত চিকিৎসকরা জানতেন। বিভিন্ন সময়ে চিকিৎসকরা এখানে নার্সদের তৈরি করা বিরিয়ানি, শীতের পিঠাসহ নানা খাবার খেতেন। কিন্তু হাসপাতালে এমন অনিয়মের ঘটনায় কেবল নার্সদের দায়ী করায় বোঝা যাচ্ছে তারাই এ ওয়ার্ডের ‘হর্তাকর্তা’। চিকিৎসকরা নার্সদের অধীনে কাজ করছেন—এমন মন্তব্যও করছেন সেবাগ্রহীতারা।


তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, হাসপাতালের অপারেশন থিয়েটারে চুলা জ্বালিয়ে রান্নাবান্নাসহ নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিটি এক দিন আগেই তদন্ত শেষ করে প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। তদন্তে অভিযোগের বেশ কিছু বিষয়ে সত্যতা মিলেছে। এজন্য কমিটি বিভিন্ন সুপারিশ করেছে। তদন্তে অনিয়মে সম্পৃক্ত নার্সদের বদলির সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে নার্সিং সুপার ভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এ ছাড়া, প্রতিবেদনে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সুপারিশও করা হয়েছে।


তদন্ত কমিটির সদস্য সচিব ও ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিষয়ে অনেকগুলো সুপারিশ করা হয়েছে। তদন্তাধীন বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আমরা আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। তবে এ তদন্তে চিকিৎসকদের কোনো সম্পৃক্ততা মেলেনি।


এ ব্যাপারে জানতে তদন্ত কমিটির সভাপতি ডা. জালাল হোসেনকে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছেন। তদন্তনাধীন বিষয়ে কিছু বলা যাবে না। তবে প্রতিবেদনে একাধিক বিষয়ে সুপারিশ করেছে। আমরা প্রতিবেদনটি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর পাঠিয়েছি।


এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফজলে রাব্বি বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ঘটনায় যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


তদন্ত কমিটির সভাপতি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. জালাল হোসেন ও সদস্য সচিব ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ। কমিটিতে সদস্য ছিলেন ডা. মশিউর রহমান।


প্রসঙ্গত, ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে রান্নাবান্না ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।


thebgbd.com/NIT