ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের এক শীর্ষ কর্মকর্তার কড়া মন্তব্যের পর ডলারের সামান্য শক্তিশালী হওয়া এবং পরে প্রকাশিত হতে যাওয়া ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তথ্যের অপেক্ষায় থাকায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২৬
বিশ্ববাজারের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ ফাইল ছবি

ভূরাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার চাহিদা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স প্রায় ৪,৬০০ ডলারে পৌঁছায়, যা সর্বকালের সর্বোচ্চ। এদিন দুপুরে স্পট স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬০১.৬৩ ডলারে লেনদেন হয়। আগের সেশনে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪,৬২৯.৯৪ ডলার পর্যন্ত উঠেছিল। তবে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস সামান্য কমে ৪,৬১০.৩০ ডলারে দাঁড়ায়।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের এক শীর্ষ কর্মকর্তার কড়া মন্তব্যের পর ডলারের সামান্য শক্তিশালী হওয়া এবং পরে প্রকাশিত হতে যাওয়া ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তথ্যের অপেক্ষায় থাকায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেন, নিকট ভবিষ্যতে মুদ্রানীতির অবস্থান পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর তেমন চাপ নেই। তবে বাজারে চলতি বছরে দুই দফা সুদহার কমানোর প্রত্যাশা রয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আজ প্রকাশিত সিপিআই তথ্য ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।

ভূরাজনৈতিক দিক থেকেও অস্থিরতা বাড়ছে। মঙ্গলবার ভোরে ইউক্রেনে চলতি বছরের সবচেয়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্তত চারজন নিহত হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, কম সুদহারের পরিবেশে এবং ভূরাজনৈতিক বা অর্থনৈতিক ঝুঁকি বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা দ্রুত বাড়ে। রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, “স্বর্ণের দাম ইতোমধ্যে ৪,৫০০ ডলারের ওপরে স্থিতিশীল রয়েছে। ডলারের দুর্বলতা ও চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ৫,০০০ ডলারের স্তর ক্রমেই নাগালের মধ্যে আসছে এবং বছরের প্রথমার্ধেই তা পরীক্ষা হতে পারে।”

এদিকে বাজারের অস্থিরতা বিবেচনায় যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সচেঞ্জ অপারেটর সিএমই গ্রুপ জানিয়েছে, মূল্যবান ধাতুর লেনদেনে পর্যাপ্ত জামানত নিশ্চিত করতে তারা মার্জিন নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ২.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৬.৯৪ ডলারে পৌঁছায়, যা এর আগের রেকর্ডের কাছাকাছি। স্পট প্লাটিনাম ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২,৩৫২.৮৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৮৪৭.২৫ ডলারে লেনদেন হয়েছে।

সূত্র: রয়টার্স

thebgbd.com/NIT