ঢাকা | বঙ্গাব্দ

ভেনিজুয়েলাকে চালাবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার জন্য নিজের মন্ত্রিসভা থেকে ‘কিছু লোকদের মনোনীত’ করছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
  • অনলাইন ডেস্ক | ০৪ জানুয়ারি, ২০২৬
ভেনিজুয়েলাকে চালাবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাকে ‘চালাবে’। ভোরের দিকে রাজধানী শহরের ভেতরে এবং আশেপাশের স্থানে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর ট্রাম্প এই ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


অভিযান শেষ হওয়ার পরপরই মাদুরোকে প্রথমে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে এবং এরপর হেলিকপ্টারযোগে তাকে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এই দম্পতিকে মাদক পাচার এবং অস্ত্র মামলার মুখোমুখি হতে হবে। ঝুঁকিপূর্ণ অভিযানের সাফল্য সত্ত্বেও পরবর্তী কী হবে তা ভীষণ অনিশ্চিত।


ট্রাম্প বলেছেন, তিনি ভেনিজুয়েলায় দায়িত্ব নেওয়ার জন্য নিজের মন্ত্রিসভা থেকে ‘কিছু লোকদের মনোনীত’ করছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। আরেকটি আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্প মার্কিন সেনা মোতায়েন করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে বলেন, ওয়াশিংটন ‘সেনা পাঠাতে ভয় পায় না।’ তবে তিনি দেশটির বিরোধী দলের ক্ষমতা গ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন এবং বলেছেন যে তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতে পারেন।


ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশটির ভেঙে পড়া জ্বালানি অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো ঠিক করবে। তিনি বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে তেল বিক্রি করব।’


সূত্র: এএফপি


এসজেড