ঢাকা | বঙ্গাব্দ

বিপিএলে নোয়াখালীর হ্যাটট্রিক হার

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২৫
বিপিএলে নোয়াখালীর হ্যাটট্রিক হার ফাইল ছবি

নেতৃত্বে পরিবর্তন এনেও হাসির দেখা পেল না নোয়াখালী এক্সপ্রেস। সৈকত আলীর বদলে অধিনায়ক হওয়া হায়দার আলীর অধীনেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। প্রথমবার বিপিএলে সুযোগ পেয়ে হ্যাটট্রিক হারের স্বাদ পেল তারা।


নোয়াখালীকে আজ এই তিক্ত স্বাদ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।


১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সহজ জয়ের ইঙ্গিত আগেই পেয়েছে রাজশাহী। ম্যাচসেরা রিপন মন্ডলের তোপে নোয়াখালী আগে ব্যাট করে ১২৪ রানে থেমে যাওয়ায়। রান তাড়ার শুরুটা যদিও রাজশাহীর ভালো ছিল না।


প্রথম ওভারের দ্বিতীয় বলেই শাহিবজাদা ফারহান (২) বোল্ড হন হাসান মাহমুদের বলে। দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে রাজশাহীর জয়ের ভিত গড়ে দেন তানজিদ হাসান তামিম ও শান্ত। 


তবে ৭ রানের ব্যবধানে হুসাইন তালাতসহ তানজিদ-শান্ত আউট হলে একটা ধাক্কা খায় রাজশাহী। অধিনায়ক শান্তর ২৪ রানের বিপরীতে ‍ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ২৯ রান করেছেন তানজিদ তামিম।

ধাক্কা খেলেও বড় বিপদ হতে দেননি মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। 


পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি গড়ে রাজশাহীকে জয়ে ফিরিয়েছেন মুশফিক-ইয়াসির। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকের ২৮ রানের বিপরীতে ২৩ রানে অপরাজিত থাকেন ইয়াসির। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন হাসান।


এর আগে রাজশাহীর জয়ের অর্ধেক কাজ সেরে রাখেন বোলাররা।


বিশেষ করে রিপন। তার সামনে দাঁড়াতেই পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ১৬তম ওভারে জোড়া উইকেট নেওয়া পেসার সবমিলিয়ে ৪ উইকেট নিয়েছেন। ৪ ওভারের একটি আবার মেডেন দিয়েছেন। রান খরচ করেছেন মাত্র ১৩। সঙ্গে ১৮টি ডট বল করেছেন তিনি।


প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া রিপন তার পুরস্কার হিসেবে ম্যাচসেরা হয়েছেন। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক হায়দার। আজ নেতৃত্ব হারানোর সঙ্গে দলেও জায়গা পাননি সৈকত। এ জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী।


thebgbd.com/NIT