দ্বিতীয় দফায় আমেরিকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে কঠোর হয়েছেন। তার নীতির কারণে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। অনেক ভারতীয়কেও বেআইনি অনুপ্রবেশের অভিযোগে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র একা নয়, অন্য অনেক দেশই নানা কারণে ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠিয়েছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে, এই তালিকায় যুক্তরাষ্ট্র অনেক নীচে, বরং শীর্ষে রয়েছে সৌদি আরব!
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি যত ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে, তত আর কোনও দেশ করেনি। রিয়াদে ভারতীয় মিশনের হিসাব বলছে, ২০২১ সালে ৮৮৮৭ জন, ২০২২ সালে ১০২৭৭ জন, ২০২৩ সালে ১১৪৮৬ জন, ২০২৪ সালে ৯২০৬ জন এবং ২০২৫ সালে এ পর্যন্ত ৭০১৯ জন ভারতীয় নাগরিককে তাড়িয়ে দিয়েছে সৌদি সরকার। সৌদির তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়-বিতাড়নের সংখ্যা অনেক কম।
যুক্তরাষ্ট্রর ভারতীয় মিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে তাড়ানো হয়েছে রাজধানী ওয়াশিংটন থেকে। ওই শহর থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২ জন, ২০২৩ সালে ৬১৭ জন, ২০২৪ সালে ১৩৬৮ জন এবং ২০২৫ সালে এখন পর্যন্ত ৩৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, আটলান্টা, হিউস্টন, শিকাগো থেকেও অনেককে ভারত ফেরত পাঠানো হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই সংখ্যা ৫০০ পেরোয়নি। সৌদি এবং যুক্তরাষ্ট্র ছাড়া যে সব দেশ থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া।
যাদের তাড়ানো হয়েছে, তাদের কেউ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দেশটিতে থেকে গিয়েছিলেন, কারও কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কেউ আবার সংশ্লিষ্ট দেশের শ্রমবিধি লঙ্ঘন করার শাস্তি পেয়েছেন।
সূত্র: এএফপি
এসজেড