বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা শেষে রাজধানী ও পূর্বাচল এলাকার বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, জনসমাবেশস্থলের আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব আবর্জনা শুক্রবার সকাল থেকে পরিষ্কার করবেন নেতাকর্মীরা।
বিশাল এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটে। ফলে বিমানবন্দর সড়ক থেকে শুরু করে পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট মহাসড়ক) এবং সংলগ্ন এলাকায় প্রচুর ব্যানার, ফেস্টুন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জমেছে। জনদুর্ভোগ কমাতে এবং শহরের পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই দলটির স্বেচ্ছাসেবীরা নিম্নলিখিত এলাকাগুলোতে পরিচ্ছন্নতা চালাবেন। ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।
দলের হাইকমান্ডের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন সংবর্ধনার আনন্দ উদযাপনের পর সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়। ইতোপূর্বেও বিভিন্ন জনসভার পর বিএনপিকে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা গেছে।
thebgbd.com/NA