দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৬ হাজার ৩১৪ দিন পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তার ফিরে আসাকে বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে তুলে ধরেছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি প্রতিবেদনে লিখেছে, ‘বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের শিরোনামে উল্লেখ করেছে, ‘১৭ বছরের নির্বাসন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন।’
সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস লিখেছে, ‘প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন।’
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য উইক শিরোনামে প্রশ্ন তুলেছে, ‘তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর?’—এ শিরোনামের অধীনে তারা আঞ্চলিক রাজনীতি ও ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, ‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন। কেন এটি ভারতের জন্য ভালো খবর?’—শিরোনামের মাধ্যমে তারা বিষয়টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছে।
এদিকে স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ‘সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেখেছি আমাদের তরুণরা ২৪-এর আগস্টে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি। ৭১-এ যারা শহীদ হয়েছেন, ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
বক্তব্যের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।’ এ সময় তিনি তাকে স্বাগত জানাতে আসা জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ দুপুর ১২টা ৪০মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।
এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!
thebgbd.com/NA