ঢাকা | বঙ্গাব্দ

আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৫

ঘটনার সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের কোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
  • অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০২৫
আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৫ বিধ্বস্ত গাজা।

ইসরায়েলি বাহিনী গতকাল শুক্রবার গাজায় আশ্রয়কেন্দ্র হিসাবে পরিণত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর ওই বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ‘সন্দেহভাজন ব্যক্তিদের’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘গাজা শহরের পূর্বে তুফাহ পাড়ায় অবস্থিত গাজা শহীদ স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে পাঁচ ব্যক্তি শহীদ হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’


এএফপির পক্ষ থেকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ‘উত্তর গাজা উপত্যকার ইয়েলো লাইন বা হলুদ রেখা এলাকায় পরিচালিত অভিযানের সময়, ইয়েলো লাইনের পশ্চিমে অবস্থিত কমান্ড অবকাঠামোর ভেতরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।’ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী তথাকথিত ইয়েলো লাইনের পূর্ব দিকে অবস্থান নিয়েছে।


সামরিক বাহিনী জানায়, ‘শনাক্ত করার অল্প সময়ের মধ্যেই হুমকি দূর করতে সেনারা ওই সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। এলাকায় হতাহতের বিষয়ে আমরা অবগত আছি, এবং বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।’ ঘটনার সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের কোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।


সূত্র: এএফপি


এসজেড