রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার ভোর রাতে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে অন্তত তিন জন নিহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর এ কথা জানিয়েছেন।খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, আঞ্চলিক রাজধানীর বন্দরে একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হলে সেটিতে আগুন ধরে যায়। এতে জাহাজের দুই নাবিক নিহত ও আরও তিনজন আহত হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বন্দরের কাছাকাছি বাতাইস্ক শহরে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং সেখানে আরও ছয় জন আহত হয়েছেন। পৌর কমিশনগুলো হামলার সব ক্ষয়ক্ষতি নথিভুক্ত করবে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে গভীর এলাকাগুলোতে প্রায় প্রতি রাতেই ড্রোন হামলা জোরদার করেছে, আর এ সব হামলার লক্ষ্য মূলত জ্বালানি অবকাঠামো। এই জ্বালানি অবকাঠামোগুলোর ওপর নির্ভর করেই মস্কো তাদের সামরিক অভিযান অর্থায়ন করে থাকে। রুশ কর্মকর্তাদের দাবি, প্রতি রাতে ডজনের বেশি ড্রোন প্রতিহত করা হচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড