ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০২৫
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ফাইল ছবি

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন। মামলার অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এদিন সকালে কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সরকারি খরচে তার পক্ষে আইনি লড়াই চালানোর জন্য স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত নেন।

একই সঙ্গে মামলার আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ গঠনের শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

অন্যদিকে, ট্রাইব্যুনালে উপস্থিত জুনাইদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ এদিন আদালতে অভিযোগ করেন যে, তার মক্কেলকে সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে কথা বলতে বা ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ ও অনুমতি প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত, যার ধারাবাহিকতায় আজকের এই শুনানি অনুষ্ঠিত হয়।

thebgbd.com/NIT