অধিকৃত গাজার পশ্চিম তীরের বেথলেহেমের কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সংস্থাটি তুকুর মেয়রের বরাত দিয়ে জানিয়েছে, গত সোমবার নিহত আরেক কিশোরের জানাজার কিছুক্ষণ পরেই মুহিব আহমেদ জিব্রিল নামক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারী। শোকার্তরা চলে যাওয়ার পর শহরের উত্তর প্রবেশপথে বেশ কয়েকজন যুবক রয়ে যায়। এরপর একজন বসতি স্থাপনকারী তার যানবাহন থেকে নেমে সরাসরি তাদের দিকে গুলি চালায়। গুলিতে জিব্রিল নামক কিশোর নিহত হয় এবং আরেক যুবক গুরুতর আহত হয়।
এএফপি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে, ‘মুখোশধারী সন্ত্রাসীরা প্রধান সড়ক ধরে চলমান ইসরায়েলি বেসামরিক যানবাহনের দিকে পাথর এবং রঙের বোতল নিক্ষেপ করছে। যা যাত্রীদের জন্য বিপদ ডেকে আনছে। এই খবর পাওয়ার পর তাদের সেনাদের ওই এলাকায় পাঠানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অভিযান চালিয়েছে’ এবং তারা জানে, একজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরে তিনি মারা গেছেন। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে।
সূত্র: এএফপি
এসজেড