ঢাকা | বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ ফাইল ছবি

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের সরাসরি গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি (জাতীয় ছাত্রশক্তি)। এই দাবিতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


সংগঠনের নেতারা দাবি করেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তা নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ।


জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, "আমাদের এই আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়, বরং এটি জনমত ও ন্যায়ের কর্মসূচি।" তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে জনদুর্ভোগ লাঘব করবে।


আন্দোলনকারীরা আরও দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। তাই দেশের জনগণের স্বার্থে সমস্ত ব্যর্থতার দায় নিয়ে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা মন্তব্য করেন, দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।


এই হত্যাচেষ্টার ঘটনায় ওসমান হাদির এক আত্মীয় পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন, যার তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।


thebgbd.com/NIT