ঢাকা | বঙ্গাব্দ

আতঙ্কে হেলে পড়া ভবন ছাড়ছেন ভাড়াটিয়ারা

ময়মনসিংহ নগরীর গোলকীবাড়িতে পাঁচতলা ভবন হেলে পড়ায় আতঙ্কে ভাড়াটিয়ারা বাসা ছাড়ছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর ভবনটি হেলে পড়ে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ ডিসেম্বর, ২০২৫
আতঙ্কে হেলে পড়া ভবন ছাড়ছেন ভাড়াটিয়ারা ছবি : সংগৃহীত।

ময়মনসিংহ নগরীর গোলকীবাড়িতে পাঁচতলা ভবন হেলে পড়ায় আতঙ্কে ভাড়াটিয়ারা বাসা ছাড়ছেন। গতকাল শনিবার সন্ধ্যার পর ভবনটি হেলে পড়ে।  


ভবনটি কতটুকু ঝুঁকিপূর্ণ, তা নির্ণয় করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং গণপূর্তের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রাথমিকভাবে ভবনটির সব ভাড়াটিয়াকে অন্যত্র চলে যেতে বলেছেন।


ভবনটির মালিকপক্ষের একজন রফিকুল ইসলাম জানান, পাশে নির্মিত বহুতল ভবনটির পাইলিংয়ের সময় তাদের বাসার নিচতলায় ফাটল দেখা দেয়। তিনি বলেন, ‘গত শনিবার ভেকু মেশিন দিয়ে দ্রুত গতিতে মাটি খনন করা হতে থাকে। তখনই ভবনটির নিচতলায় ফাটল দেখা দেয়। একপর্যায়ে ভবনটি পশ্চিম দিকে হেলে পড়ে। এরপর তিনি দ্রুত ফায়ার সার্ভিস, থানা ও অন্যদের খবর দেন। 


আজ রোববার সরেজমিনে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকায় উৎসুক লোকজনের ভিড়। ভাড়াটিয়ারা একে একে মালামাল বের করে চলে যাচ্ছেন।


এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া জানান, তারা বিষয়টি নিয়ে সভা করছেন। সভা শেষে তাদের সিদ্ধান্ত জানাবেন।


thebgbd.com/NA