ইসলামের ইতিহাসের দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ—যিনি যুদ্ধজয়ের জন্য ‘অপরাজেয় বীর’ নামে পরিচিত। বহু অভিযানে তিনি সামনের সারি থেকে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। সাহস, সততা ও ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত হিসেবে তার নাম আজও সমান উজ্জ্বল। সেই কিংবদন্তি এবার আসছেন সিনেমার পর্দায়।
সৌদি আরব বিশাল আয়োজন নিয়ে নির্মাণ করছে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আনব্রোকেন সোর্ড’। পরিচালনায় আলেক সাখারভ—যিনি গেম অব থ্রোনস, রোম, ডেক্সটার, মার্কো পোলো এবং ওজার্ক-এর মতো বিশ্বখ্যাত সিরিজে কাজ করেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এটাই তার প্রথম পরিচালনা।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা দেওয়া হয়েছে ছবিটির আনুষ্ঠানিক সূচনা। গল্প তৈরি হয়েছে ৬৩৬ খ্রিষ্টাব্দের ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধকে কেন্দ্র করে—যেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে এবং সিরিয়ার মাটিতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে।
২০২৬ সালের শুরুতে সৌদির নতুন স্থাপনা প্লেমেকার স্টুডিওস-এ শুরু হবে শুটিং; মুক্তি পাবে ২০২৭ সালে। ইতোমধ্যে তৈরি হচ্ছে বিশাল সেট, যুদ্ধের প্রপস, পোশাক ও ঐতিহাসিক অস্ত্র—সবকিছুতেই রাখা হচ্ছে নিখুঁত ঐতিহাসিক নির্ভুলতা। অভিনেতাদের নাম এখনো ঘোষণা হয়নি।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে সিলা কোম্পানি, সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (GEA) এবং রিয়াদ সিজনের তত্ত্বাবধানে। ভাষা হবে ইংরেজি—অভিনয়ে থাকবেন আরব বিশ্বের তারকাদের সঙ্গে হলিউডের শিল্পীরাও।
GEA চেয়ারম্যান তুর্কি আল-শেখ সম্প্রতি সেট ডিজাইন পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন—দেড় বছর আগে পরিচালক সাখারভকে প্রকল্পটির প্রস্তাব দিলে তিনি প্রথমে বিষয়টির গভীরতা বুঝতে পারেননি। পরে খালিদ বিন ওয়ালিদের ওপর লেখা বই ও ভিডিও দেখে তিনি আগ্রহী হন। এরপর থেকেই তিনি সৌদিতে অবস্থান করে ছয় মাস ধরে প্রস্তুতিমূলক কাজে যুক্ত আছেন।
হলিউডের অভিজ্ঞ স্ক্রিনরাইটাররা চিত্রনাট্য তৈরি করছেন। কোনো আপস ছাড়াই যথাযথ ঐতিহাসিক উপস্থাপনার জন্য এক বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও প্রস্তুতি চলছে।
thebgbd.com/NIT