ঢাকা | বঙ্গাব্দ

মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা নেহা

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ডিসেম্বর, ২০২৫
মোদিকে খোঁচা দিতেই মামলা খেলেন গায়িকা নেহা ফাইল ছবি

ভোজপুরির জনপ্রিয় গায়িকা নেহা সিং রাঠৌর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে কাশ্মীরের পেহেলগাম হামলার ঘটনায় দায়ী করে মন্তব্য করায় আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কেন্দ্রীয় সরকার ‘ধর্মগন্ধী’ এবং ‘জাতি–ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।’ তার এ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়।


নেহার বিরুদ্ধে অভিযোগ, তার মন্তব্য জাতিগত বিদ্বেষ উসকে দিতে পারে এবং রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়ায়। এ অভিযোগে লখনৌয়ের হজরতগঞ্জ থানায় কবি অভয় প্রতাপ সিংহ (অভয় সিংহ নামেও পরিচিত) একটি মামলা দায়ের করেছেন। অভিযোগকারী দাবি করেছেন, গায়িকার পোস্টগুলো সমাজের শান্তি বিঘ্নিত করার আশঙ্কা সৃষ্টি করে।


তবে নেহা সিং রাঠৌর একাধিক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, পেহেলগামে পর্যটকদের ওপর হামলা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলাই ছিল তার উদ্দেশ্য। তিনি জোর দিয়ে বলেন, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার আছে এবং তিনি কোনো প্রতিবাদী গান প্রকাশ করেননি।


ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল আলোচনা চলছে। সমর্থকরা যেখানে নেহার বক্তব্যকে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন, সেখানে বিরোধীরা অভিযোগ তুলছেন—তার বক্তব্য পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে।


thebgbd.com/NIT