যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার আবারও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। মহাসাগরে মাদক পাচারকারীদের নৌযান সন্দেহে সেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলায় এখন পর্যন্ত ৮৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, সর্বশেষ হামলাটি ‘আন্তর্জাতিক জলসীমায় একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত নৌযানকে লক্ষ্য করে চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে নৌযানটি অবৈধ মাদক বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল। নৌযানটিতে থাকা চার পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়।’
একটি ভিডিওতে দেখা যায়, মাল্টি-ইঞ্জিনযুক্ত একটি নৌযান দ্রুতগতিতে যাচ্ছিল এবং পরে বিস্ফোরণের ফলে সেটি পুড়ে যায়।
সূত্র: এএফপি
এসজেড