ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ায় জাতিসংঘ প্রতিনিধি দল

কূটনীতিকরা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে তারা প্রতিবেশী লেবানন সফর করবেন।
  • অনলাইন ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০২৫
সিরিয়ায় জাতিসংঘ প্রতিনিধি দল জাতিসংঘ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সিরিয়ায় পৌঁছেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের এক বছরপূর্তির  কয়েকদিন আগে প্রথমবারের মতো এ সফরে গেল জাতিসংঘের শীর্ষ বডির প্রতিনিধি দল। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, প্রতিনিধি দলটি লেবানন ও সিরিয়ার মধ্যে জাদেইদেত ইয়াবুস সীমান্ত দিয়ে প্রবেশ করেছে এবং তারা বেশ কয়েকজন সিরীয় কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে সংস্থাটি জানায়, প্রতিনিধি দল দামেস্কের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উপশহর জোবার পরিদর্শন করেছে। কূটনীতিকরা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে তারা শুক্রবার ও শনিবার প্রতিবেশী লেবানন সফর করবেন।


জাতিসংঘ সিরিয়ায় নিজেদের কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর বহু-জাতিগোষ্ঠী ও বহু-ধর্মবিশিষ্ট দেশটিতে অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করছে স্লোভেনিয়া।


স্লোভেনিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত স্যামুয়েল জোগার গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়া ও লেবানন সফর হলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিষদের গত ছয় বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সফর এবং সিরিয়ায় প্রথম সফর। সফরটি এ অঞ্চলের জন্য এবং উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। জোগার উল্লেখ করেন, জাতিসংঘ-সিরিয়া সম্পর্কের মধ্যে এখনো কিছুটা আস্থার ঘাটতি রয়েছে। আমরা এই সফরের মাধ্যমে তা দূর করার চেষ্টা করছি।


তিনি সিরিয়ার রাজনৈতিক পালাবদলে নতুন কর্তৃপক্ষের প্রচেষ্টা এবং ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লেবাননে এক বছরের অস্ত্রবিরতির বিষয়টি তুলে ধরেন। উভয় দেশের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশে এ সফর গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা, বার্তা পৌঁছে দেওয়া এবং উভয় দেশে নিরাপত্তা পরিষদ যে পথ দেখতে চায়, সে বিষয়ে বার্তা দেওয়ার জন্য এ সফরের আয়োজন করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড