ঢাকা | বঙ্গাব্দ

অবিক্রীত মুশফিক-মাহমুদউল্লাহ

দীর্ঘদিনের অভিজ্ঞতা কিংবা বড় ম্যাচের পারফরম্যান্স—কোনোটিই এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ নভেম্বর, ২০২৫
অবিক্রীত মুশফিক-মাহমুদউল্লাহ ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিলামে ব্যাট হাতে ভরসার দুই নাম— একজন অভিজ্ঞ ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ, অন্যজন নির্ভরযোগ্য উইকেট-কিপার–ব্যাটার মুশফিকুর রহিম। কিন্তু এবারের নিলামে এই দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। ফলে প্রথম রাউন্ডেই অবিক্রীত থেকে যেতে হলো দুজনকেই।


আজ রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত নিলামে ‘বি’ ক্যাটাগরিতে প্রথমে নাম ওঠে মাহমুদউল্লাহর। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই হাত তুলতে আগ্রহী হয়নি। একইভাবে মুশফিকুর রহিমকেও কেউ দলে ভেড়াতে চায়নি। 


দীর্ঘদিনের অভিজ্ঞতা কিংবা বড় ম্যাচের পারফরম্যান্স—কোনোটিই এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।


বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, পরে অবিক্রীতদের আবার নিলামে তোলা হবে। তবে এবার তারা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে, যেখানে তাদের ভিত্তিমূল্যও কমে আসবে। সেটিই হয়তো মাহমুদউল্লাহ ও মুশফিকের জন্য শেষ সুযোগ হতে পারে।


এখন প্রশ্ন উঠছে—দলগুলো কি কৌশলগত পরিকল্পনার কারণে অভিজ্ঞদের প্রতি অনাগ্রহী, নাকি সাম্প্রতিক পারফরম্যান্সই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে? এসব নিয়েই চলছে ক্রিকেট মহলে আলোচনা। তবে পরিষ্কার যে, দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দফা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর আচরণের ওপর।


thebgbd.com/NIT