ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে ভিড় না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান রিজভীর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ নভেম্বর, ২০২৫
হাসপাতালে ভিড় না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান রিজভীর ছবি : সংগৃহীত।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।


আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি মানবিক কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।


রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।’


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীদেরও সমস্যায় ফেলছে।


রিজভী আরও বলেন, ‘আপনারা আবেগ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন—এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন।’


তিনি আরও জানান, দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।



thebgbd.com/NA