ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে ভারত থেকে আসা অস্ত্র উদ্ধার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে আসা তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ নভেম্বর, ২০২৫
নির্বাচনকে ঘিরে ভারত থেকে আসা অস্ত্র উদ্ধার ছবি : সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে আসা তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ২৫ গজ ভেতরে পাগলা নদীর তীরে নলডুবি ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় এগুলো পাওয়া যায়।


শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেন।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে নির্বাচনকে সামনে রেখে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে ভারত থেকে বড় আকারের অস্ত্রের চালান ঢোকার চেষ্টা চলছে। এই তথ্যের ভিত্তিতেই গত এক মাস ধরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছিল।


বিজিবির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এই ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।


thebgbd.com/NA