শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এনসিপি নেতা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এখন শুধু অভিযুক্ত নয়, তারা এখন খুনি হিসেবে আদালত দ্বারা প্রমাণিত। আওয়ামী লীগ ক্ষমতায় এসে পিলখানা হত্যা ও আলেমদের জেলবন্দি করেছে।
নৃশংস কায়দায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ গণহত্যা করেছে। ভারত তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে দেশটি। হাসিনাকে দ্রুত পুশইন করুন। দেশের জনগণ হাসিনার রায় কার্যকর দেখতে চায়।
সাহস থাকলে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থন করতেন উল্লেখ করে আখতার বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের আত্মপক্ষ সমর্থনের নৈতিকতা নেই। তারা আত্মপক্ষ সমর্থনের সাহসও রাখে না।
thebgbd.com/NIT