ঢাকা | বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো যুবক

নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মারধর ও বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একমাত্র ছেলে রহমত আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০২৫
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো যুবক ছবি : সংগৃহীত।

নেশার টাকা না পেয়ে মা-বাবাকে মারধর ও বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একমাত্র ছেলে রহমত আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের রহমত আলী (আমিনুর ইসলামের ছেলে) নেশার টাকা না পেয়ে তার মা-বাবাকে মারধর করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম ইউএনও শামীম মিঞা বরাবর অভিযোগ করেন। পুলিশ এরপর বুধবার দুপুরে রহমত আলীকে গ্রেপ্তার করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক শামীম মিঞার কাছে রহমত আলী বাবা-মাকে মারধর, নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, সাজাপ্রাপ্ত রহমত আলীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ইউএনও শামীম মিঞাও বিষয়টি নিশ্চিত করেছেন।

thebgbd.com/NA