ডিউটিস্থলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ এ সদ্য প্রশিক্ষণ সমাপ্তকারী ৫৯তম ব্যাচের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) জন্য ওরিয়েন্টেশন কোর্সে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এতে ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন, যারা খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) সদ্য যোগদান করেছেন।
কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করেছেন, সেই বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আপনাদের পেশাদারিত্বই বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
তিনি বলেন, মানবিক মূল্যবোধ, সততা, দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের ধর্ম—এ কথা মনে রেখে কাজ করার আহ্বান জানান কেএমপি কমিশনার।
ডিউটিকালে সর্বোচ্চ ধৈর্য, সহনশীলতা ও পেশাদারি বজায় রাখার নির্দেশ দেন মো. জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেকে ডিসিপ্লিন মেনে চলবেন। ভালো কাজের জন্য যেমন পুরস্কার আছে, তেমনি খারাপ কাজের জন্য বিভাগীয় শাস্তিও অপেক্ষা করে।
অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NA