সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের দুর্দান্ত ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন বড় জয়ের পরও খানিকটা হতাশ রয়ে গেলেন ম্যাচসেরা ওপেনার মাহমুদুল হাসান জয়। কারণ—ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেও চোখ রাখা ‘ডাবল সেঞ্চুরি’ থেকে মাত্র ২৯ রান দূরে থেমে যেতে হয়েছে তাকে।
দ্বিতীয় দিন ১৬৯ রানে অপরাজিত ছিলেন ২৪ বছর বয়সী জয়। বড় ইনিংসের আভাস দিয়েও তৃতীয় দিনের সকালে ২৮৬ বল খেলে আউট হন ১৭১ রানে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট টেস্ট ইনিংস ও ৪৭ রানে বাংলাদেশের জয়ের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নিজের আক্ষেপের কথাই বললেন তিনি, “ডাবল সেঞ্চুরি করতে না পারায় একটু হতাশ লাগছে। তবুও শেষ পর্যন্ত ভালোই খেলেছি। সবকিছু মিলিয়ে খুশি। মুশফিক ভাইয়ের ১০০তম টেস্ট নিয়েও দারুণ উচ্ছ্বসিত। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, তাই পরিকল্পনাটা সহজ রাখার চেষ্টা করেছি।”
দুই বছর আগে সর্বশেষ টেস্টে ফিফটি করেছিলেন জয়। সেঞ্চুরির অপেক্ষা ছিল আরও দীর্ঘ—৪২ মাসের। লাল বলে দীর্ঘদিন ফর্মহীন থাকার পর শ্রীলঙ্কা সফরে দল থেকেও বাদ পড়েন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে ফেরেন এবং সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিখুঁত সেঞ্চুরিতে জানান দিলেন প্রত্যাবর্তনের।
এদিকে, আগামী বুধবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। জয়-সাদমানরা চাইবেন এই ম্যাচেও নিজেদের রানঝরা ফর্ম ধরে রাখতে।
thebgbd.com/NIT