রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, গ্যারেজে থাকা একটি পিকাপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।
গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, স্থানীয়দের মতে কয়েকজন মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা জাতীয় কিছু ফেলে আগুন লাগিয়ে দিয়ে যায়। ইতোমধ্যে আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।
thebgbd.com/NA