ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (০৮ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' তাদের উদ্ধার করে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ নভেম্বর, ২০২৫
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী ছবি : সংগৃহীত।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (০৮ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' তাদের উদ্ধার করে।


নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে জাহাজটি বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এ সময় কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। ট্রলারে থাকা জেলেরা জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করলে, বানৌজা শহীদ মহিবুল্লাহ দ্রুত তাদের দিকে ছুটে যায়।


অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা অসহায় জেলেদের ট্রলারসহ উদ্ধার করেন। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। জেলেরা জানান, গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা তিন দিন ধরে মাঝ সমুদ্রে ভাসছিলেন।


নৌবাহিনী জাহাজ উদ্ধারকৃত জেলেদের এবং মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরবর্তীতে তাদের পরিবারের সদস্য ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রমের মাধ্যমে নৌবাহিনী তাদের মানবিক সহায়তার এই কাজ অব্যাহত রেখেছে।


thebgbd.com/NA