বুলগেরিয়ার পূর্বাঞ্চলে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি গাড়ি হ্রদে পড়ে ছয়জন নিহত হয়েছে। আজ শুক্রবার দেশটির পুলিশের একজন মুখপাত্র এ তথ্য জানান। সোফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দর নগরী বুরগাসের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো তিনজন অভিবাসন প্রত্যাশী আহত হয়েছে। পুলিশের ওই মুখপাত্র জানান, বুরগাস থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রথমে গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক নির্দেশনা মানেনি।
পুলিশ গাড়িটি থামানোর জন্য আরো দু’বার চেষ্টা করেছে। বোর্গাসের বাইরে তৃতীয় প্রচেষ্টাকালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে হ্রদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই গাড়ির চালক রোমানিয়ার নাগরিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ।
সূত্র: এএফপি
এসজেড