ঢাকা | বঙ্গাব্দ

মুনতাসিরকে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দক্ষিণাঞ্চলীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ নভেম্বর, ২০২৫
মুনতাসিরকে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দক্ষিণাঞ্চলীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে স্থায়ী অব্যাহতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পরবর্তীতে তিনি ১৪ অক্টোবর লিখিত জবাব পাঠালেও তা অসন্তোষজনক হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।
 

সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক হিসেবে অস্থায়ী নিয়োগ পান। সে সময় রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদে দায়িত্বে ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

সম্প্রতি রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে মুনতাসির মগবাজারে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ আয়োজন করেন।

দলের নিষেধাজ্ঞা অমান্য করে ১২ অক্টোবর লোকজন নিয়ে বিক্ষোভে অংশ নেয়ার পর রেড ক্রিসেন্ট বোর্ড সভায় তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বের হওয়ার সময় মুনতাসিরের অনুসারীদের হাতে অবরুদ্ধ হন মাহবুব আলম। পরদিন এনসিপি ফেসবুকে মুনতাসিরের পদ থেকে অব্যাহতির চিঠি প্রকাশ করে।

এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন মুনতাসির। সব মিলিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এবার দল থেকেও বাদ পড়লেন তিনি।

thebgbd.com/NA