ঢাকা | বঙ্গাব্দ

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

ভোক্তা সুরক্ষার স্বার্থে এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত আজ, শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ নভেম্বর, ২০২৫
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম ছবি : সংগৃহীত।

ভোক্তা সুরক্ষার স্বার্থে এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত আজ, শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ একজন একক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিমকার্ড রাখতে পাড়বে না।


সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) পরেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।


মোবাইল অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। বিটিআরসি জানিয়েছে, ১০টির অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।


সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং প্রতারণা রোধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একজন গ্রাহক একটি এনআইডি-এর বিপরীতে ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।


সিম বন্ধ করার ক্ষেত্রে ‘দৈবচয়ন’ (Random Selection) নীতি অনুসরণ করা হবে। ফলে, অতিরিক্ত সিমগুলির মধ্যে গ্রাহকের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সিমকার্ডটিও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।


গ্রাহকরা চাইলে অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।


বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী গণমাধ্যমকে বলেন, শনিবার (১ নভেম্বর) থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।


পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, ৬ থেকে ১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশের, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।


thebgbd.com/NA