ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার হামলায় ইউক্রেন অন্ধকারে

বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, হামলার কারণে বেশিরভাগ ইউক্রেনীয় অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট জারি করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর, ২০২৫
রাশিয়ার হামলায় ইউক্রেন অন্ধকারে হামলার পর তোলা ছবি।

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে রাতে ১১ জন আহত হয়েছে এবং দেশের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সামরিক প্রশাসনের প্রধান বলেন, নগরীটিতে রাশিয়া হামলা চালালে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।


টেলিগ্রামে ইভান ফেদোরভ বলেন, ‘জাপোরিঝিয়ায় শত্রুর হামলায় আহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।’ ‘আহতদের মধ্যে তিন মেয়ে ও তিন ছেলে নিয়ে ছয়টি শিশু রয়েছে।’ আহত শিশুদের বয়স ৩ থেকে ৬ বছর।


ইউক্রেনের জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক বলেন, ‘রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।’ তিনি ফেসবুকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, উদ্ধারকারী, মেরামতকারী দল ও জ্বালানি বিশেষজ্ঞরা বিদ্যুৎ পুনরুদ্ধার এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু করবেন। 


রাষ্ট্রীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, হামলার কারণে বেশিরভাগ ইউক্রেনীয় অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট জারি করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু করা পূর্ণ মাত্রার হামলার পাশাপাশি রাশিয়া প্রায় অবিরাম বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্কের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড