ঢাকা | বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ধর্মীয় অনুষ্ঠানে আমির হামজা, জরিমানায় আয়োজকরা

আদালত সূত্রে জানা গেছে, ৫১ বছর বয়সী সিঙ্গাপুরবাসী আবদুস সাত্তারকে অনুমতি ছাড়াই গণসমাবেশ আয়োজন ও লাইসেন্স ছাড়া গণবিনোদনের ব্যবস্থা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হযেছে।
  • অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০২৫
সিঙ্গাপুরে ধর্মীয় অনুষ্ঠানে আমির হামজা, জরিমানায় আয়োজকরা ফাইল ছবি

সিঙ্গাপুরের একটি আদালত এক ডরমিটরি অপারেটরের ব্যবস্থাপনা পরিচালককে সন্ত্রাসবাদ-সম্পর্কিত ধর্মপ্রচারককে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান আয়োজনের দায়ে ৭,০০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৫,৪০০ মার্কিন ডলার) জরিমানা করেছে।

আদালত সূত্রে জানা গেছে, ৫১ বছর বয়সী সিঙ্গাপুরবাসী আবদুস সাত্তারকে অনুমতি ছাড়াই গণসমাবেশ আয়োজন ও লাইসেন্স ছাড়া গণবিনোদনের ব্যবস্থা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হযেছে। তিনি এসবিএম ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি টেক পার্ক ক্রিসেন্টে ‘ল্যান্টানা লজ’ নামে একটি বিদেশি শ্রমিকদের ডরমিটরি পরিচালনা করেন।

সিঙ্গাপুরের ডেপুটি পাবলিক প্রসিকিউটর শেলডন লিম আদালতে জানান, গত জুলাই মাসে সাত্তার তার পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা আমির হামজাকে বার্তা পাঠিয়ে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। হামজার বিরুদ্ধে আল-কায়েদা-সমর্থিত একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০২১ সালে বাংলাদেশ সরকার তাকে সন্ত্রাসবাদ-সম্পর্কিত কর্মকাণ্ড ও সশস্ত্র সংগ্রামে উস্কানির অভিযোগে গ্রেপ্তার করেছিল।

লিম আরও জানান, সাত্তারের আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় ৬০০ বিদেশি শ্রমিক উপস্থিত ছিলেন। সেখানে আমির হামজা এমন বক্তব্য দেন, যা শ্রোতাদের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে এবং চরমপন্থা ও উগ্রপন্থার ঝুঁকি তৈরি করে।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী খাইরা আক্রমজিত সিংহ বলেন, তার মক্কেল শুধুমাত্র মুসলিম কর্মীদের জন্য ছুটির দিনে প্রার্থনা ও চিন্তাভাবনার সুযোগ তৈরি করতে চেয়েছিলেন। তিনি যুক্তি দেন, সাত্তার একজন পরিশ্রমী মানুষ এবং তিনি শত শত কর্মীর জন্য কাজের ব্যবস্থা করেছেন। তিনি কখনও জাতি বা ধর্মের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন না।

আদালত তার বিরুদ্ধে তৃতীয় আরেকটি অভিযোগ বিবেচনায় নিয়েছে, তবে এর জন্য আলাদা শাস্তি নির্ধারণ করেনি। আদালত তাকে সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।


thebgbd.com/NIT