ঢাকা | বঙ্গাব্দ

শিগগিরই পুরোদমে চালু হতে পারে মেট্রোরেল

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর, ২০২৫
শিগগিরই পুরোদমে চালু হতে পারে মেট্রোরেল ফাইল ছবি

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে আজ সোমবার সকাল ১১টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হতে পারে।


এর আগে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে, যেখানে কোনো ত্রুটি বা সমস্যা পাওয়া যায়নি। ফলে পুরো রুটে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় গতকাল রোববার এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে দুর্ঘটনাস্থলে নতুন বিয়ারিং প্যাড স্থাপন শেষে আবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “আমরা এখনো বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি চালু করতে পারব।”


গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর আড়াই ঘণ্টা পর বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। পরে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া সাতটায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলও চালু করা হয়।


সবকিছু ঠিকঠাক থাকলে আজ সকাল ১১টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।


thebgbd.com/NIT