পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বরফ কলের পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ‘গাজী আইস প্ল্যান্টে’ এই দুর্ঘটনা ঘটে। এতে বরফ কলের শ্রমিকসহ আশপাশের অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে বরফ কলের কর্নেসার পাইপ হঠাৎ ফেটে গেলে অ্যামোনিয়া গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। গ্যাসের তীব্র গন্ধে বরফ কলের শ্রমিকদের পাশাপাশি কাছাকাছি থাকা জেলেদেরও শ্বাসকষ্ট, চোখে জ্বালা, বমিভাব ও মাথা ঘোরা শুরু হয়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় পাঁচ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্যাস, যা শ্বাসযন্ত্র, চোখ ও ত্বকের মারাত্মক ক্ষতি করে। তিনি জানান, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বরফ কলটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পুনরায় চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
thebgbd.com/NIT