ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে সংঘটিদ ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। শনিবার পুলিশ জানায়, উল্টো দিকে চলতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাও পাওলো থেকে এএফপি জানায়, পেরনামবুকো রাজ্যে গত শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বিবৃতিতে জানায়, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভুল লেনে চলার সময় চালক রাস্তার পাশে থাকা পাথরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
বিবৃতিতে আরও বলা হয়, পাথরে ধাক্কা খাওয়ার পর বাসটি আবার সঠিক লেনে ফিরে আসে। কিন্তু এর পরপরই সেটি রাস্তার পাশে উঁচু মাটির ঢিবিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বাসের চালক সামান্য আঘাত পেয়েছেন এবং তার শরীরে মদ্যপানের কোন প্রমাণ মেলেনি। বাসটি ব্রুমাডো শহর থেকে সান্তা ক্রুজ দো কাপিবারিবে যাচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এই গভীর দুঃখের সময়ে আমার আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’
সূত্র: এএফপি
এসজেড