রাজধানীতে গাড়ি বিক্রয়কেন্দ্রগুলোর ওপর অব্যাহত চাঁদা দাবি ও ককটেল হামলার প্রতিবাদে অর্ধদিবস দোকান বন্ধ রেখে রাস্তায় নেমেছেন গাড়ি ব্যবসায়ীরা।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বারিধারা এলাকায় সব গাড়ির শোরুম বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন,
“চাঁদাবাজি বন্ধ না হলে এবং জড়িতদের গ্রেপ্তার না করলে আগামী মাস থেকে কোনো গাড়ি ছাড়, নিবন্ধন বা সরকারের রাজস্ব দেওয়া হবে না।”
তিনি জানান, আগস্ট থেকে ভুয়া নম্বর ও হোয়াটসঅ্যাপে একে–৪৭ রাইফেলের ছবি পাঠিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হচ্ছে। ইতিমধ্যে ১২টি বিক্রয়কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
“চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে,”—বললেন আবদুল হক।
ব্যবসায়ীরা জানান, বারিধারা ও প্রগতি সরণি এলাকার বিসমিল্লাহ কার সেন্টার, টার্বো অটো, বেগ অটো, কার সিলেকশন, হ্যালো কার, জুম অটো, বিশ্বাস ইমপোর্টসহ ১২টি শোরুমে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর বিদেশি নম্বর থেকে মেসেজে টাকা দাবি করা হয়।
আবদুল হক বলেন, “আমরা সরকারের সঙ্গে আছি, সন্ত্রাসের সঙ্গে নয়। এখন ভয় নয়—সমাধান চাই।”
গাড়ি ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও দোষীদের গ্রেপ্তার করা হোক, না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
thebgbd.com/NIT