ঢাকা | বঙ্গাব্দ

বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা ব্যর্থ হবে” — সালাহউদ্দিন আহমদ

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ অক্টোবর, ২০২৫
বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা ব্যর্থ হবে” — সালাহউদ্দিন আহমদ ফাইল ছবি

বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়—এটা ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল। বিএনপি এই সংগ্রামের মূল চালিকা শক্তি। তাই আমাদের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না।”


তিনি জানান, জুলাই আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন, যা আরও বাড়তে পারে। “এই আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির সম্মিলিত সংগ্রাম,”—বলেন তিনি।


গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের দিন ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে তাঁর বক্তব্যের প্রসঙ্গে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে আজ তিনি স্পষ্ট করেন—“ওটা আমি স্বাগত জানাই। এভাবেই গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।”


সালাহউদ্দিন বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটে যাওয়া বিশৃঙ্খলায় ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের কেউ জড়িত নয়। “সেখানে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ছিল, যারা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর অংশ বলেই আমরা মনে করি,”—যোগ করেন তিনি।


তিনি আরও বলেন, তার বক্তব্য বিকৃত করা হয়নি, তবে আংশিকভাবে তুলে ধরা হয়েছে, “আমি স্পষ্ট বলেছি—জুলাই অভ্যুত্থান জাতীয় জীবনের একটি লিডিং ফোর্স। এই ঐক্যের ওপর যেন কোনো কলঙ্ক না পড়ে, সবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”


অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলো প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু ঘটনার সূত্র এক হতে পারে। হয়তো পতিত ফ্যাসিবাদের দোসরেরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা ঠিক নয়।”


thebgbd.com/NIT