ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে হামলা ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ‘বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ অক্টোবর, ২০২৫
লেবাননে হামলা ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হামলার পর তোলা ছবি।

ইরান শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অঞ্চলটি ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, ‘এই হামলা লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


এর আগে লেবানন জানায় বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ ও তার সহযোগী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।


তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ‘বেসামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, গত বছর আলোচনায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি এই হামলার নিন্দা জানিয়েছেন।


আউন বলেন, ‘ইসরাইলের বারবার আগ্রাসন একটি পরিকল্পিত নীতির অংশ। যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনক্ষম অবকাঠামো ধ্বংস করা। অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করা এবং মিথ্যা নিরাপত্তার অজুহাতে জাতীয় স্থিতিশীলতাকে দুর্বল করা।’


নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরাইল একাধিকবার লেবাননে বোমা হামলা করেছে। এই যুদ্ধবিরতির আগে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা দুই মাসের প্রকাশ্য যুদ্ধে রূপ নেয়।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শ্মিস্তার শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এরআগে তারা জানিয়েছিল, ছয়জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, সাইদা জেলার ব্নাফুল এলাকায় এক ব্যক্তি এবং নাবাতিয়েহ জেলার আনসারে ছয়জন আহত হয়েছে।


ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘দক্ষিণ লেবাননের মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালিয়েছে।’ তারা ‘গ্রিন উইদাউট বর্ডার্সের’ ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এনজিওটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ইসরায়েলের দাবি অনুযায়ী, সীমান্ত এলাকায় এটি হিজবুল্লাহর উপস্থিতি গোপন রাখতে বেসামরিক রূপে পরিচালিত হচ্ছিল ।


লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, হামলাগুলো বেসামরিক স্থাপনায় আঘাত করেছে এবং তিনি এটিকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে গত বছর হওয়া যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত বছরের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরাইল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তারপরেও লেবানন ভূখণ্ডে দফায় দফায় বোমা হামলা করেছে ইসরায়েল।


সূত্র: এএফপি


এসজেড