আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বেলা ১১টা ৪০ মিনিটে যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে হামলা চালানো হয়। হামলাকারীরা সাময়িকভাবে পেজটি ডিজেবল (নিষ্ক্রিয়) করে দেয়, পরে তা পুনরায় সক্রিয় করা সম্ভব হয়।
চিফ প্রসিকিউটর বলেন, “হামলাকারীরা চায় না বিশ্বের মানুষ আমাদের যুক্তিতর্ক ও এভিডেন্স দেখে তাদের নিষ্ঠুরতার সঙ্গে পরিচিত হোক। অপরাধ করে কখনো পার পাওয়া যাবে না। অপরাধীকে রক্ষা করার কোনো চেষ্টা কখনো বাংলাদেশে সফল হবে না।”
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে হাজির হন।
গত বুধবার এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সেদিন মামলার ৫৪তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ থেকে মামলায় প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।
thebgbd.com/BYB