চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, পুরস্কার জেতার কথা শুনে তিনি ‘হতবাক’ হয়েছেন। মাচাদোর প্রেস টিম পাঠানো এক ভিডিও’তে শোনা গেছে, মাচাদো টেলিফোনে এডমুন্ডো গনজালেস উরুতিয়ার সঙ্গে এই অনুভূতি ব্যক্ত করেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে বাধা দেওয়া হলে গনজালেস তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেন। অসলো থেকে এএফপি এ খবর জানায়।
প্রায় এক বছর আগে নির্বাসনে যাওয়া গনজালেস জবাবে বলেন, ‘আমরা আনন্দে আত্মহারা’। মাচাদো বলেন, ‘এটা কী! আমি বিশ্বাসই করতে পারছি না।’ ৫৮ বছর বয়সী মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন।
শুক্রবার নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস অসলোতে এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতন্ত্রে রূপান্তরের সংগ্রামে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
তিনি বলেন, ‘মাচাদো এক নিষ্ঠুর কর্তৃত্ববাদী রাষ্ট্রে গভীরভাবে বিভক্ত বিরোধী রাজনৈতিক শিবিরকে ঐক্যবদ্ধ করার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। দেশটি বর্তমানে মানবিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে।’ কমিটি তাকে সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় ‘সাহসী ব্যক্তি হিসেবে অনন্য দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছে। গত এক বছর তাকে লুকিয়ে থাকতে বাধ্য করা হয়েছে। ফ্রিডনেস বলেন, ‘জীবন নিয়ে গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশে থেকে গেছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে’।
সূত্র: এএফপি
এসজেড