ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে আশুগঞ্জের সোহাগপুর এলাকা হতে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
আজ বুধবার (৮ অক্টোবর) সকালে এই সড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেও যানজটে আটকা পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সকালে রেলপথে কিশোরগঞ্জের ভৈরব আসেন এবং সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় আটকা পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ চলছে, তবে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে। এর মধ্যে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে।
যানবাহনগুলোকে এই অংশ পার হতে সময় লাগছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত। এক পাশে অস্থায়ী সংস্কারকাজ চলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গেল তিন দিন ধরে সড়কের একপাশ বন্ধ রেখে খানাখন্দ ভরাটের কাজ চলছে, ফলে যানজট লেগেই আছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কের খারাপ অবস্থার কারণেই যানজট তৈরি হচ্ছে প্রতিনিয়ত। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।’
আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম জানান, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। পথে বাহাদুরপুর-মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন।’
thebgbd.com/NA