ঢাকা | বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪০ ক্লাবের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে সব ধরণের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে দেশের তিন বিভাগের ৪০টি ক্লাব।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ অক্টোবর, ২০২৫
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪০ ক্লাবের ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে সব ধরণের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে দেশের তিন বিভাগের ৪০টি ক্লাব। এর মধ্যে রয়েছে ঢাকার শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ক্লাবও।


বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান, এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ অন্যান্য ক্লাব প্রতিনিধি।


ক্লাব সংগঠক রফিকুল বাবু জানান, তারা বিসিবি নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ ও কারচুপির প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো ঘরোয়া লীগে অংশ নেব না।”


মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, “আমরা দেশে অনেক নির্বাচন দেখেছি—রাতের ভোট, দিনের ভোট, কারচুপি—সবকিছুই। কিন্তু ৬ তারিখের বিসিবি নির্বাচন সবকিছুকে ছাড়িয়ে গেছে। সাংবাদিকরাও দেখেছেন কী হয়েছে। তাদের হয়তো আমাদের প্রয়োজন নেই। তাই আমরা ঘোষণা দিচ্ছি—প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় বিভাগসহ সব ঘরোয়া ক্রিকেট থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হয়েছে।”


তিনি আরও বলেন, “আমরা জেলা পর্যায়েও ক্রিকেট বর্জন করব। কাউকে যদি হুমকি দেওয়া হয় বা ষড়যন্ত্র করা হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে দাঁড়াব। আপাতত দেশের সব ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকবে।”


মাসুদুজ্জামান আরও স্পষ্টভাবে জানান, “আমরা আমিনুল ইসলাম বুলবুলকে বৈধ সভাপতি হিসেবে মানি না। আলোচনার কিছু নেই। নির্বাচনটি অবৈধ, তাই তিনি আমাদের কাছে অবৈধ সভাপতি।”


এই ঘোষণার মধ্য দিয়ে দেশের ক্রিকেটে নতুন সংকটের ইঙ্গিত মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, এতগুলো ক্লাব একসঙ্গে ঘরোয়া আসর বর্জন করলে দেশের ক্রিকেট কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।


thebgbd.com/NA