ঢাকা | বঙ্গাব্দ

যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পথ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ অক্টোবর, ২০২৫
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা ছবি : সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পথ। সাধারণত এ দূরত্ব অতিক্রম করতে লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। কিন্তু সড়কের বেহাল দশা ও দীর্ঘস্থায়ী যানজটে এখন এ পথ পাড়ি দিতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা।


বুধবার (৮ সেপ্টেম্বর) এ পথেই তীব্র যানজটে আটকা পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরে উপায় না দেখে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে রওনা দেন তিনি।


সকাল পৌনে ১১টার দিকে আশুগঞ্জ থেকে তিনি রওনা হন। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুপুর ১টার দিকে বিশ্বরোড মোড়ে পৌঁছান। এ সময় তার গাড়িবহর তখনও আশুগঞ্জ এলাকাতেই আটকা ছিল। বাহাদুরপুর থেকে তিনি মোটরসাইকেলে উঠে যানজট এড়িয়ে পরিদর্শন অব্যাহত রাখেন।


এর আগে সকালে মহানগর প্রভাতী ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে নামেন উপদেষ্টা। সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে স্বল্প বিরতির পর তিনি সরাইলের উদ্দেশ্যে রওনা দেন।


খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এতে সংস্কার না হওয়ায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, যা যানজটের মূল কারণ।


পরিস্থিতি সামাল দিতে গত রবিবার থেকে খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। তবে এক পাশ বন্ধ রেখে কাজ চলায় গত তিন দিন ধরেই মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, “উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মৈত্রী স্তম্ভ এলাকায় তিনি যানজটে আটকা পড়েন।”


দীর্ঘ যানজট ও ধীরগতির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত সংস্কার সম্পন্ন না হলে এ সড়ক দিয়ে যাতায়াত আরও দুর্বিষহ হয়ে উঠবে।


thebgbd.com/NA