ঢাকা | বঙ্গাব্দ

বিসিবিতে কোন দায়িত্ব পেলেন আসিফ?

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ অক্টোবর, ২০২৫
বিসিবিতে কোন দায়িত্ব পেলেন আসিফ? ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরপর থেকেই আলোচনায় ছিলেন তিনি। সেই সঙ্গে পরিচালক পদে মনোনয়ন তুলে আরও চমক দেন এই সংগীতশিল্পী।


চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়ার জন্য লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে আফিসের পথ আরও সহজ হয়ে যায়। ফলে নির্বাচনের আগেই পরিচালক হওয়ার আনন্দে ছিলেন তিনি। বাকি ছিল শুরু আনুষ্ঠানিকতা। সেই প্রক্রিয়া সম্পন্ন হয় গতকাল সোমবার বিসিবির নির্বাচনের পর।


এদিন সন্ধ্যায় আসিফ আকবরকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।


এরপর আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় হোম অব ক্রিকেটে নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২ মাসের জন্য বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে বোর্ড। আপাতত কমিটিগুলোর চেয়ারম্যান ঠিক করেছে বোর্ড।


ধীরে ধীরে এই কমিটিগুলো বর্ধিত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।


আসিফ পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বই। তাকে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি নির্বাচন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছে দুইজন, তারা হলেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।


thebgbd.com/NIT