ঢাকা | বঙ্গাব্দ

মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও করল অন্য গাড়ির যাত্রী

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতির শিকার মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে আকুতি করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০২৫
মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও করল অন্য গাড়ির যাত্রী ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতির শিকার মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে আকুতি করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।


শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হওয়ার পর বিষয়টি জানাজানি হয়।


ভিডিও ধারণকারী ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, বগুড়া থেকে তারা ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২০-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট করছে। ডাকাতদের প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদার মতো অস্ত্র। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে অস্ত্রের আঘাতে বা ভাঙা কাচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।


যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ভিডিও আমরাও দেখেছি, ভিডিও দেখে মহাসড়কে টহল দিয়ে জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। কারণ রাতে মহাসড়ক সব জায়গায় প্রায় একই রকম দেখা যায়। এছাড়াও ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অবিযোগও দেওয়া হয়নি। তারপরেও পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



thebgbd.com/NA