ঢাকা | বঙ্গাব্দ

উমরাহ যাত্রীদের জন্য সৌদির ১০ কঠোর নিয়ম চালু

উমরাহ পালন বহু মুসলমানের স্বপ্ন হলেও ভিসা আবেদন, হোটেল বুকিং এবং যাতায়াত ব্যবস্থার জটিলতা অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০২৫
উমরাহ যাত্রীদের জন্য সৌদির ১০ কঠোর নিয়ম চালু ছবি : সংগৃহীত।

উমরাহ পালন বহু মুসলমানের স্বপ্ন হলেও ভিসা আবেদন, হোটেল বুকিং এবং যাতায়াত ব্যবস্থার জটিলতা অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে সৌদি আরব সম্প্রতি উমরাহ প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে ১০ নতুন এবং কঠোর নিয়ম চালু করেছে।


সংযুক্ত আরব আমিরাতের উমরাহ অপারেটররা জানিয়েছেন, এখন থেকে প্রতিটি ধাপ—ভিসা আবেদন, হোটেল বুকিং, যানবাহন ব্যবস্থাপনা—সবই সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। যদিও এটি উমরাহ যাত্রীদের জন্য আরও কঠোর নিয়ম মানার বাধ্যবাধকতা তৈরি করেছে।


উমরাহ যাত্রার আগে জেনে নিন সৌদি আরবের ১০ গুরুত্বপূর্ণ নতুন নিয়ম:


১. ভিসা আবেদন করার সময়ই হোটেল বুকিং করতে হবে


উমরাহ ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকেই অনুমোদিত হোটেল বুকিং করতে হবে। দেরিতে হোটেল বুকিং আর করা যাবে না। বুকিং করতে হবে ম্যাসার (Masar) সিস্টেম এর মাধ্যমে, যা নুসাক (Nusuk) অ্যাপ এর সঙ্গে সংযুক্ত। কেউ যদি আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা করেন, তাহলে তারাও প্রমাণপত্র দিতে বাধ্য।


২. আত্মীয়ের বাসায় থাকার জন্য সৌদি হোস্টের আইডি লাগবে


যারা আত্মীয়-স্বজনের বাসায় থাকতে চান, তাদের সৌদি হোস্টের ইউনিফাইড আইডেন্টিফিকেশন নম্বর বা ইউআইডি নম্বর জমা দিতে হবে। এটি ভিসার সঙ্গে যুক্ত থাকবে। যাত্রা পিছিয়ে গেলে বা পরিবর্তন হলে, সেই একই আইডি সিস্টেমে আবার আপডেট করতে হবে।


৩. ট্যুরিস্ট ভিসা দিয়ে আর উমরাহ করা যাবে না


উমরাহ করার জন্য এখন বিশেষ উমরাহ ভিসা লাগবে। কেউ যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে উমরাহ করতে যান, তাহলে তাকে মদিনার রিয়াজুল জান্নায় ঢুকতে দেয়া হবে না, এমনকি যাত্রার মাঝপথেও আটকানো হতে পারে।


৪. উমরাহ ভিসা বাধ্যতামূলক


নুসাক প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টদের মাধ্যমে উমরাহ প্যাকেজ বুক করতে হবে। এটাই এখন একমাত্র বৈধ পদ্ধতি।


৫. যাত্রাপথ ও পরিকল্পনা আগেই জমা দিতে হবে


ভিসা আবেদন করতে হলে সম্পূর্ণ যাত্রাপথ ও প্ল্যান আপলোড করতে হবে। পরিকল্পনা বদলানো বা বিলম্ব করলে জরিমানা হবে। নির্ধারিত সময়ের বেশি থাকলে এজেন্টদের ৭৫০ সৌদি রিয়াল (প্রায় ৭৩৪ দিরহাম) পর্যন্ত জরিমানা এবং সিস্টেম ব্লক হওয়ার আশঙ্কা।


৬. কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল


যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, বা শেঙ্গেন অঞ্চলের ভিসাধারী এবং সেসব দেশের বাসিন্দারা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। তবে শর্ত হলো—তারা আগে সেই দেশগুলোতে অন্তত একবার ভ্রমণ করেছেন হতে হবে।


৭. বিমানবন্দরে বুকিং যাচাই


সৌদিতে পৌঁছানোর পর, কর্মকর্তারা নুসাক অ্যাপে করা হোটেল, যাতায়াত ও ফেরার বুকিং চেক করবেন। কোনো বুকিং না থাকলে যাত্রা আটকে যেতে পারে বা জরিমানা দিতে হতে পারে।



৮. কেবল অনুমোদিত ট্যাক্সি ও যানবাহন ব্যবহার করতে হবে


এয়ারপোর্টে নামার পর সাধারণ গাড়ি নেওয়া যাবে না। শুধুমাত্র নুসাক অ্যাপে বুক করা অনুমোদিত ট্যাক্সি, বাস, অথবা ট্রেন ব্যবহার করতে হবে।


৯. ট্রেনের সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক


হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর চলাচল করে না। রাত ৯টার পর পৌঁছালে অনুমোদিত বিকল্প পরিবহন আগেই বুক করতে হবে।


১০. নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা


কোনো নিয়ম লঙ্ঘন করলে—যেমন অননুমোদিত যানবাহন ব্যবহার, অতিরিক্ত থাকা, বা ভিসার শর্ত না মানলে ৭৫০ সৌদি রিয়াল থেকে জরিমানা শুরু হবে। এজেন্টরাও শাস্তির আওতায় পড়বেন।


খবর: সামা টিভি


thebgbd.com/NA