ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম-উলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠন করতে হবে।
জামায়াত আমির বৃহস্পতিবার (২ অক্টোবর) কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই বৈঠকে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন কুরআন মজলিসের নেতারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেসসচিব আকাশ মাহমুদ ও তামীরুল মিল্লাত কামিল মাদারাসা শিক্ষার্থী হোসাইন মাহমুদ।
বৈঠক শেষে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের হাতে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।
thebgbd.com/NA