বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানকে ঘিরে নতুন করে আলোচনায় মেতে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক, যা পরবর্তীতে রূপ নেয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সাকিবের মধ্যে ফেসবুক যুদ্ধের।
বিতর্কের সূচনা ও পাল্টাপাল্টি স্ট্যাটাস
সাকিবের শুভেচ্ছা বার্তার পর রাজনৈতিক অঙ্গনের কয়েকজন সক্রিয় কর্মী– সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা– সরাসরি সমালোচনায় নামেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও ফেসবুকে নতুন একটি পোস্ট দেন, যেখানে তিনি দাবি করেন— শুধু একজন ভালো ক্রিকেটার বলেই খুন, শেয়ারবাজার কেলেঙ্কারি কিংবা অর্থপাচারের অভিযোগে জড়িত কাউকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যায় না।
সাকিবকে ঘিরে আসিফ মাহমুদের অবস্থান
নিজের প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ আরও জানান, সাকিব এখনও আওয়ামী রাজনীতির ধারক-বাহক বলেই শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন— সাকিব যেন আর কখনও বাংলাদেশ দলের জার্সি গায়ে দিতে না পারে, সে বিষয়ে বিসিবিকে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে।
তার ভাষায় “বাংলাদেশের পতাকা বহন করার অধিকার তাকে দেওয়া সম্ভব নয়। জাতীয় দলের জার্সি তার হাতে তুলে দেওয়ার সুযোগ থাকবে না। আগে না বললেও, এবার বিসিবির প্রতি আমার পরিষ্কার নির্দেশনা থাকবে।”
সাকিবের ব্যাখ্যা
অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসান ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি জানান, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো ছিল ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়।
“ও (শেখ হাসিনা) সবসময় ক্রিকেট ফলো করেছে, খেলা দেখেছে। সেখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয়েছে রাজনীতির আগেই। তাই তাকে শুভেচ্ছা জানাতে পারি। এতে অন্য কোনো উদ্দেশ্য নেই।”
নতুন ধাক্কা সামনে
এই ভার্চুয়াল সংঘাতের মাঝেই সাকিবকে ঘিরে এসেছে আরেকটি দুঃসংবাদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে। একই সময়ে ক্রিকেট বোর্ড থেকেও আসতে পারে বড় সিদ্ধান্ত— ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিত অনুযায়ী জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ হয়তো শেষের পথে।
তাহলে কি সত্যিই সাকিব অধ্যায়ের ইতি?
বাংলাদেশ ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে অবদান রাখা সাকিব আল হাসানের ক্যারিয়ার এমন পরিণতির দিকে যাচ্ছে কিনা— এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু। ভক্তদের মনে প্রশ্ন, এত অর্জনের পরও কি রাজনৈতিক বিতর্কে শেষ হয়ে যাবে “সাকিব অধ্যায়”?
thebgbd.com/NA