ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটে গণগোসল কর্মসূচি পালন

বিশ্ব নদী দিবস উপলক্ষে পশুর নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে বাগেরহাটের মোংলায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক কর্মসূচির। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর তীরে আয়োজিত এ অনুষ্ঠানে নদীতে নেমে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা এবং গণগোসলের মতো আয়োজনের মধ্য দিয়ে নদী রক্ষার বার্তা দেন অংশগ্রহণকারীরা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বাগেরহাটে গণগোসল কর্মসূচি পালন ছবি : সংগৃহীত।

বিশ্ব নদী দিবস উপলক্ষে পশুর নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে বাগেরহাটের মোংলায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এক কর্মসূচির। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারি এলাকায় পশুর নদীর তীরে আয়োজিত এ অনুষ্ঠানে নদীতে নেমে হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা এবং গণগোসলের মতো আয়োজনের মধ্য দিয়ে নদী রক্ষার বার্তা দেন অংশগ্রহণকারীরা।


‘নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় চারটি স্বেচ্ছাসেবী সংগঠন—ধরা (ধরিত্রী রক্ষায় আমরা), পশুর রিভার ওয়াটারকিপার, লিডার্স এবং বাদাবন সংঘ।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।


অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক আব্দুল মান্নান হাওলাদার, সমাজকর্মী আবু হোসেন পনি, ক্রীড়া সংগঠক শেখ রুস্তুম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, শেখ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, পরিবেশকর্মী আব্দুর রশিদ হাওলাদার, এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'ধরা'-র নেতৃবৃন্দ এস এম জানে আলম বাবু, হাছিব সরদার ও মেহেদী হাসান।


প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, "সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ নিধন প্রকৃতিকে হত্যার শামিল। এদের প্রতিহত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুই রেখে যেতে পারব না। নদী বাঁচলে উপকূল বাঁচবে, আর সুন্দরবন বাঁচলে বাংলাদেশও বাঁচবে।" তিনি নদী দখল ও দুষণকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।


আলোচনা সভা শেষে নদী রক্ষায় মানববন্ধনের আয়োজন করা হয়। এরপর নদীতে নেমে গণগোসল, হাঁস ধরা এবং সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন অংশগ্রহণকারীরা।


এছাড়া, পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপ অংশগ্রহণকারীদের মধ্যে পাটের ব্যাগ বিতরণ করে প্লাস্টিক বর্জ্য কমানোর বার্তা দেয়। অনুষ্ঠানের শেষ ভাগে নদীকেন্দ্রিক গান ও আড্ডার মাধ্যমে আয়োজকরা দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।


thebgbd.com/NA