ঢাকা | বঙ্গাব্দ

নেপালে জেন জি দিতে পারবে ভোট, অধ্যাদেশ জারি

প্রেসিডেন্ট পাওদেলের এই পদক্ষেপকে বিশ্লেষকরা জেনারেশন-জির জন্য বড় জয় হিসেবে দেখছেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
নেপালে জেন জি দিতে পারবে ভোট, অধ্যাদেশ জারি ফাইল ছবি

 

নেপালে জেনারেশন-জি বা জেন জি প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। নতুন এক অধ্যাদেশ জারির মাধ্যমে তিনি নির্বাচনের তারিখ ঘোষণার পরও নতুন ভোটারদের নিবন্ধনের সুযোগ করে দিয়েছেন।


আগে ২০১৭ সালের ভোটার নিবন্ধন আইনের ধারা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণার পর নতুন ভোটার নিবন্ধন নিষিদ্ধ ছিল। তবে প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শপথ পড়ানোর রাতেই আগামী ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। ফলে আইন সংশোধন না হলে সদ্য ভোটার হওয়ার বয়সে পৌঁছানো অনেক তরুণ ভোটাধিকার থেকে বঞ্চিত হতেন।


এই পরিস্থিতিতে গত ২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করে পুরোনো ধারা বাতিল করেন এবং নতুন বিধান সংযোজন করেন। সংশোধিত আইনে বলা হয়েছে, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই নতুন ভোটারদের নিবন্ধন করা যাবে।


নেপাল নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, এখন থেকে প্রথমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তবেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।


প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার দিনই পার্লামেন্ট ভেঙে দেন। তাঁর সরকারে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আচার্য বলেন, ভোট দেওয়ার যোগ্য হয়েও যারা বাদ পড়েছেন, তারা নিবন্ধনের সুযোগ পাবেন। তিনি আরও জানান, প্রবাসী নেপালিদের ভোটাধিকার নিয়েও কাজ চলছে এবং এ বিষয়ে একটি গবেষণা দল গঠন করা হয়েছে।


প্রেসিডেন্ট পাওদেলের এই পদক্ষেপকে বিশ্লেষকরা জেনারেশন-জির জন্য বড় জয় হিসেবে দেখছেন। দুর্নীতি ও দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে তরুণদের আন্দোলনের মুখেই আগের সরকার ক্ষমতাচ্যুত হয় এবং কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এবার সেই তরুণরাই ভোটের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে পারবেন।


thebgbd.com/BYB